জানুয়ারিতে মূল্যস্ফীতির হার বেড়ে ৫ দশমিক ৪২ ভাগ

গেল জানুয়ারি মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে ৫ দশমিক ৪২ ভাগ হয়েছে যা আগের মাস ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৩৫ ভাগ। গতকাল শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল।

সার্বিকভাবে দেশে জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৩ ভাগ যা ডিসেম্বরে ছিল ৫ দশমিক ২৮ ভাগ। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে জানুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ ভাগ যা ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৪৫ ভাগ।

বিবিএস এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে চাল, ডাল ও মাছের দাম বেড়েছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মধ্যে পরিধেয় বস্ত্রাদি, বাড়ি ভাড়া, বিদ্যুত্, চিকিত্সা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ বিবিধ খাতে খরচ আগের মাসের তুলনায় বেড়েছে।

শহর ও গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতির তথ্যে দেখা যায়, গ্রামীণ অঞ্চলে জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১৪ ভাগে যা ডিসেম্বরে ছিল ৪ দশমিক ৯১ ভাগ। এসময় গ্রামীণ অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৮৪ ভাগ হতে বেড়ে ৫ দশমিক ২৮ ভাগ হয়েছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ৫ দশমিক শূন্য ৫ ভাগ হতে কমে ৪ দশমিক ৮৯ ভাগ হয়েছে।

শহর অঞ্চলে জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৩ ভাগে যা ডিসেম্বরে ছিল ৬ দশমিক ১৪ ভাগ। এসময় শহর অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২৭ ভাগ হতে কমে ৫ দশমিক ৪৩ ভাগ হয়েছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৯৯ ভাগ হতে বেড়ে সাড়ে ৬ ভাগ হয়েছে।