ময়মনসিংহকে বিভাগ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ এবং বিরোধী দলের নেতা রওশন এরশাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ এবং ময়মনসিংহ বিভাগীয় সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এই কৃতজ্ঞতা জানানো হয়।
সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্র এবং ময়মনসিংহ বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র-এর সভাপতি হাকিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ. কে আব্দুল মোমেন। সম্মেলনে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা শরাফ সরকারের সঞ্চালনে মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডের আহ্বায়ক ড. আব্দুল বাতেন, সংগঠনের উপদেষ্টা বিদ্যুৎ সরকার, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, টিভি এ্যাংকর হাসানুজ্জামান সাকী, কৃষিবিদ আশরাফুজ্জামান, এডভোকেট মোর্শেদা জামান, টাঙ্গাইল জেলা সমিতির সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি আইনুল হক আমিন, সাধারণ সম্পাদক এমএ বারী, সাপ্তাহিক ঠিকানার সাংবাদিক আবুল কাসেম, ইন্দ্রজিৎ সিংহ গোপাল, সুব্রত সাহা লিপন, এম এ মতিন তালুকদার, কামাল আহমেদ, মঞ্জুরুল হক তুষার, মোঃ নুরুজ্জামান, সাদিয়া খন্দকার প্রমুখ।