চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা

কাশ্মিরের পাকিস্তান অংশে হামলার একদিনের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চীন সফরে যান। সেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলওয়ামা হামলা নিয়ে আলোচনা করেন।

রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের ১৬তম সম্মেলনে অংশ নিতে সুষমা স্বরাজ এ সফর করছেন। সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি-র সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় বিমান হামলার পক্ষে কথা বলেন সুষমা স্বরাজ। তিনি বলেন, সন্ত্রাস দমন করতে পাকিস্তান কোনও ব্যবস্থা নেয়নি বলেই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ভারত। তিনি পুলওয়ামার ঘটনা নিয়ে ভারতের নাগরিকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটাও তুলে ধরেন । সুষমা বলেন, ফের হামলার আশঙ্কা তৈরি হয়েছে বলেই ভারত অভিযান চালায়। পাকিস্তান তাদের দেশে থাকা জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি জঙ্গিদের উপস্থিতির কথাই মানতে চায়নি ইসলামাবাদ। দিল্লির কাছে খবর ছিল, আবার নতুন করে আঘাত হানার পরিকল্পনা করেছে জয়েশ-ই-মোহাম্মদ। এমতাবস্থায় তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। আর এই হামলায় যাতে কোনোভাবেই সাধারণ মানুষের মৃত্যু না হয় তাও বিবেচনায় রাখা হয়েছিল। সুষমা স্বরাজ বলেন, দিল্লি উত্তেজনা আর বাড়াতে চায় না। ভারত দায়িত্বশীল দেশের ভূমিকা পালন করবে। তিনি বলেন, আমি এমন একটা সময়ে এখানে এসেছি যখন ভারতের নাগরিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর পুলওয়ামার চেয়ে বড় হামলা আর কখনও হয়নি। ভারতের সরকারি সূত্রগুলো জানায়, ফোনালাপে সুষমা স্বরাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়েছেন ভারত শুধু জয়েশ-ই-মোহাম্মদের ঘাঁটিকেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পরে ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে বোমাবর্ষণ করে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।