অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘চলমান হরতাল-অবরোধে শুধু বাজেট নয়, সব কিছুর ওপরই এর প্রভাব পড়বে।’ তিনি বলেন, ‘মানুষের কাজকর্ম বন্ধ, দেশের উন্নতি হবে কী ভাবে। এটা দেশের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। আর এ কারণেই আমি বলি যে, খালেদা জিয়া দেশের শত্রু।’ রবিবার সচিবালয়ে বেসরকারি সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চলমান এ পরিস্থিতির কারণে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হবে হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘করতে তো হবেই। বাজেট ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করা হতে পারে।’
আবদুল মুহিত বলেন, ‘আগামী দুয়েক দিনের মধ্যে জাতীয় সংসদে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে।’
‘সাত দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে’ পূর্বে অর্থমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা এক ধরনের প্রত্যাশা ছিল।’
বিএনপির উদ্দেশে মুহিত বলেন, ‘তারা স্টুপিড কর্মসূচি দিচ্ছে। দেশের ক্ষতির কথা ভেবে তাদের কর্মসূচি বন্ধ করা উচিত।’
অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দেশের একমাত্র নেত্রী নন। বিএনপিকে এ পথ থেকে বের করে নিয়ে আসার জন্য দলের অন্যান্য নেতাদের উচিত খালেদা জিয়াকে চাপ দেয়া।’