গলাচিপার বাতিঘর আব্দুল গনি স্মৃতি পাঠাগার

জ্ঞানপিপাষু বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া কয়েক বন্ধু মিলে গলাচিপা শহরে গড়ে তোলেন পাঠাগার। গলাচিপার সাংবাদিকতার দিকপাল সাংবাদিক ও সমাজকর্মী মরহুম আব্দুল গনি মিয়ার নামে নামকরণ করা হয় পাঠাগারটির। প্রথমদিকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া বন্ধুরা বই ও পত্রিকা পাঠাভ্যাসের পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার লক্ষ্য নিয়ে আবদুল গনি স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা করেন। এ বছর থেকে তিন দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আব্দুল গনি স্মৃতি পাঠাগার চত্বরে।

পাঠাগার সৃষ্টির পূর্বে সুব্রত রায়, আনোয়ার হোসেন সিপন, সুনির্মল গনপতি, মোঃ কাওসার, বিধান কর্মকার, পলাশ কর্মকারসহ কয়েকজন মিলে গলাচিপার সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এক পর্যায় তারা উপলব্ধি করেন পাঠাগারের প্রয়োজনীয়তা। ১৯৯৭ সালের ১৯ জুলাই নিজেদের ব্যক্তিগত সংগ্রহের বইগুলো পাঠাগার করার জন্য এক জায়গায় জড়ো করেন তারা। এ সময় তাদের বইয়ের সংখ্যা ছিল মাত্র ৪৪টি। ওই বছরের ১৯ জুলাই পাঠাগার প্রতিষ্ঠার তারিখ হিসেবে গণ্য করা হয়। নিজেদের বাসা থেকে ভাঙা ও পরিত্যক্ত চেয়ার-টেবিল দিয়ে পথ চলতে শুরু করে আব্দুল গনি স্মৃতি পাঠাগারের কার্যক্রম।

এক বিকেলে আব্দুল গনি স্মৃতি পাঠাগারের পাঠকক্ষে গিয়ে দেখা যায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে কেউ বই পড়ছেন কেউ বা পত্রিকা।

অধ্যক্ষ রফিকুল আলম জানান, বৃদ্ধ বয়সে আব্দুল গনি স্মৃতি পাঠাগারে এসে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের সাথে সময় কাটানো ও বই পড়ে একটু প্রশান্তি পাই। প্রতিদিন বিকেল ৪টা থেকে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ২০-৩০ জন বিভিন্ন বয়সের মানুষ পাঠাগারে ভিড় জমান বই পড়ার জন্য।

আব্দুল গনি স্মৃতি পাঠাগারের অন্যতম উদ্যোক্তা সুব্রত রায় জানান, “শুধু পুঁথিগত বিদ্যাই নয়। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করে দেশাত্মবোধ জাগ্রত করার জন্যই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। যখন শুরু করেছি তখন আমরা ছাত্র ছিলাম। এখন কর্মজীবী হলেও বর্তমানে যে সব শিক্ষার্থীরা নিয়মিত পাঠাগারে যাতায়াত করে তাদেরকে সঠিক পথে চলতে সহযোগিতা আমরা করে থাকি। পাঠাগারটির জন্য একটি স্থায়ী ভবন থাকলে ভালো হত।” বর্তমানে এ পাঠাগারে ১৫০০ বই ও দুই শতাধিক সদস্য রয়েছে। সদস্যদের মাসিক ২০ টাকা চাঁদা দিতে হয়। এখানে গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, নাটক, গুণী ব্যক্তিদের আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক, স্বাধীনতার দলিলসহ নানা ধরনের বই ও দৈনিক পত্রিকা রয়েছে।