গত জানুয়ারিতে দেশে ১২৩ কোটি ৪৭ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। তার আগের মাস ডিসেম্বরে এ পরিমাণ ছিল ১২৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসেবে আগের মাসের তুলনায় প্রায় চার কোটি ডলার রেমিট্যান্স কমেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, একক মাস হিসাবে আগের মাসে চেয়ে রেমিট্যান্স কমলেও ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই- জানুয়ারি) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৮৭২ কোটি ১৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিলো ৮০৩ কোটি ৩৪ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ৬৮ কোটি ৮৪ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ২৯ লাখ ডলার, যা ডিসেম্বরে ছিল ৩৮ কোটি ৫০ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৫৮ লাখ ডলার, যা আগের মাসে ছিল এক কোটি ৬৬ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৩ কোটি ১৬ লাখ ডলার, আগের মাসে এসব ব্যাংকের মাধ্যমে এসেছিল ৮৫ কোটি ৮১ লাখ ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৪৩ লাখ ডলার। যা ডিসেম্বরে ছিল এক কোটি ৫১ লাখ ডলার।