সাঘাটায় সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নে বাঙ্গালী নদীর উপর নবনির্মিত পাকুরতলা সেতুর পশ্চিম পাড়ে সংযোগ সড়কটি পূর্বের রাস্তা পরিবর্তন করে আবাদি জমির উপর দিয়ে নতুন বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়েছে। স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি এলাকাবাসীর বাধা উপেক্ষা করে এবং সরকারি অনুমতি ছাড়াই তার নিজস্ব ড্রেজার বসিয়ে বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করে বাঁকা পথে বালু ফেলে সড়ক নির্মাণ কাজ শুরু করেছে। এতে এলাকার অনেক আবাদি জমি ও বাড়ি-ঘরসহ জনবসতির ক্ষতির আশঙ্কা রয়েছে।

এছাড়া সড়কটি বাইপাস করা হলে কামালেরপাড়ার ও শালমারা— এ দুই ইউনিয়নের বিপুল সংখ্যক লোক সড়কে যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হবে। ফলে এই জনবিরোধী সড়কের নকশা পরিবর্তন করে পূর্বের রেকর্ডভুক্ত রাস্তার উপর সড়কটি নির্মাণের দাবিতে পূর্বের ওই রাস্তার উপর দাঁড়িয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বুধবার সকাল ১১টায় এলাকার শত শত নারী, পুরুষ, শিশু, কিশোর এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সাজু মিয়া, নাদু ইসলাম, জাহাঙ্গীর আলম, সাহেনা বেগম প্রমুখ।

বক্তারা পূর্বের রাস্তার ওপর দিয়ে সেতুর সংযোগ সড়কটি নির্মাণের জোর দাবি জানান এবং এ সড়ক নির্মাণ না করে বিকল্প সড়ক নির্মাণ করার চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দেন। সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, সড়ক নির্মাণ নিয়ে স্থানীয় লোকজন বিরোধিতা করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ আছে। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে সড়ক নির্মাণ করা হবে।