বড়াইগ্রামে হারুন অর রশিদ নামে এক সেনা সদস্যকে রাতভর ঘরে আটকে রেখে চাঁদার দাবিতে মারপিট করার অভিযোগে মোঃ কাজেম আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। বুধবার আদালতের মাধ্যমে কাজেম আলীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক কাজেম উদ্দিন বড়াইগ্রামের কেঁচোয়াকোড়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে। নির্যাতনের শিকার সেনা সদস্য হারুন অর রশিদ জেলার লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের ছলিম উদ্দিন মন্ডলের ছেলে। তিনি বর্তমানে সিলেট সেনানিবাসে কর্মরত।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক জানান, গত শুক্রবার রাতে হারুন অর রশিদ ব্যক্তিগত কাজে কুমরুল গ্রামের একটি বাড়িতে গেলে সেখান থেকে বের হওয়ার সময় অভিযুক্ত কাজেম আলীসহ কয়েকজন যুবক তাকে আটক করে। পরে তাকে সেখানে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদার দাবিতে রাতভর অমানসিক নির্যাতন করে। সকালে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় নির্যাতনকারী যুবকেরা পালিয়ে যায়। পরে ঐ সেনা সদস্যের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে মঙ্গলবার রাতে কাজেম আলীকে আটক করে পুলিশ।