কালীগঞ্জে নিজ বাসা থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাসায় ঘরের দরজা ভেঙ্গে স্বামী শৈলেন কুমার (৫০) ও স্ত্রী রেবা রানীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার ব্রিগেড। বুধবার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়। 

কালীগঞ্জ থানার ওসি মো. ইউনুস আলি জানান, শৈলেন কুমারের লাশ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ছিল। আর স্ত্রী রেবা রানীর লাশ বিছানার উপর শোয়ানো অবস্থায় ছিল। রেবা রানী শৈলেন কুমারের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রেবা রানীকে বিয়ে করেন শৈলেন কুমার। কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় মোদচ্ছের আলির বাসা ভাড়া নিয়ে কাঁচামালের ব্যবসা করতেন তিনি।

ওসি আরো জানান, পুলিশ ও ফায়ার ব্রিগেড বাসার দরজা ভেঙ্গে লাশ দুটো উদ্ধার করে।  স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার পর স্বামী শৈলেন কুমার আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা। লাশ দুটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।