মণিরামপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকা ডুবে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত দাখিল পরীক্ষার্থী মৌসুমী উপজেলার পারখাজুরা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। মৌসুমী পারখাজুরা সিদ্দীকিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বাঁওড়ে জাল নামানোসহ মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। পরে খুলনা থেকে প্রশিক্ষিত পাঁচ ডুবুরি উদ্ধারে কাজে যোগ দেন। যৌথ অভিযানের প্রায় দুইঘণ্টা পর মৌসুমীর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
পারখাজুরা সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসা সুপার একেএম সিফাতুল্লাহ জানান, উপজেলার রাজগঞ্জে কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে প্রতিদিনের মতো প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থী পারখাজুরা থেকে নৌকাযোগে নলতা ঘাটে যাচ্ছিল। নৌকা বাঁওড়ের মাঝখানে পৌঁছালে হঠাত্ দমকা হাওয়ায় নৌকা ডুবে যায়। এসময় ২৪ শিক্ষার্থী সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও মৌসুমী উঠতে পারেনি। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ন কবীর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা। পরে খুলনা থেকে প্রশিক্ষিত পাঁচ ডুবুরিসহ তাদের যৌথ অভিযানের প্রায় দুইঘণ্টা পর নিখোঁজের লাশ উদ্ধার করেন।