ঘোড়াঘাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন সাহানশা

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুর রাফে খন্দকার সাহানশা। গত ১৮ ফেব্রুয়ারি দলীয় সমর্থনে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা।

জেলা নির্বাচন অফিস দিনাজপুরে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি থাকলেও উভয় প্রার্থীর মধ্যে সমঝোতার মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি কাজী শুভ রহমান চৌধুরী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে বুধবার নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান সরকার।