ডি মারিয়ায় মুগ্ধ পিএসজি কোচ

নেইমার ও এডিসন কাভানির অনুপস্থিতিতে অ্যাঙ্গেল ডি মারিয়ার যে নৈপুণ্য তা পিএসজির জন্য একটা ‘উপহার’। ফরাসি ক্লাবটির কোচ থমাস টুখেল তার ফরোয়ার্ডকে নিয়ে এমনটাই বললেন গত মঙ্গলবার দিজ’র বিরুদ্ধে দলের ৩-০ গোলের জয়ের পর।

ডি মারিয়া কোপা দি ফ্রান্সের এ খেলাটিতে জোড়া গোল করেন। এটা হলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে আর্জেন্টাইন খেলোয়াড়ের দেখানো নৈপুণ্যের সর্বশেষ। এ মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পিএসজির ২-০ গোলের জয়েও ভিত গড়ে দিয়েছিলেন। এ খেলাটিতে নেইমার ও কাভানিকে ছাড়াই ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে গিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

কাভানি ও নেইমার বর্তমানে ইনজুরির কারণে খেলতে পারছেন না। কোচ টুখেল তাই বুঝতে পারছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ খেলোয়াড়ের বড় আসরে নিজেকে চেনানোর যে সুনাম, তা দলের গুরুত্বপূর্ণ সময়ে কতটা কাজ দিচ্ছে।

সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচ টুখেল এ ব্যাপারে বলেন, ‘ডি মারিয়া রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আমি তার খেলাগুলো দেখেছিলাম। সে ছিল ওই খেলাগুলোয় মূল খেলোয়াড়, মুখ্য ব্যক্তি। আমি অ্যাটলেটিকোর বিরুদ্ধে (২০১৪) ফাইনালটির কথা ভাবি। আমি ছিলাম তাদের মানসিকতা ও গুণপনার বড় ভক্ত।’

কোচ টুখেল বলেন, ‘এখন সে আমার খেলোয়াড় এবং আমি বহুবার বলেছি, এটা একটা উপহার। সে প্রতিদিন তার গুণপনা ও মানসিকতার জানান দিচ্ছে। সে দুর্দান্তভাবেই নির্ভরযোগ্য। সে প্রতিদিন যারা অনুশীলনে এসে পৌঁছায় তাদের একজন। সে এমন এক শীর্ষ পেশাদার যে কিনা ভালো মননের অধিকারী।’

প্রশংসায় পঞ্চমুখ টুখেল আরো বলেন, ‘তাকে নিয়ে আপনি জিততে পারেন। কারণ সে জয় ও গোল করার জন্যই খেলে। এ মুহূর্তে সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আক্রমণগুলোকে পূর্ণতা দেওয়ার ও গোল করার দক্ষতা আছে তার। সেটা ভালো এবং তাই হওয়া উচিত। আমরা এডি ও নেইমারের অভাব বোধ করছি। কিন্তু অ্যাঙ্গেল এখনো আছে।’

— স্কোরসওয়ে