রজার্সের ‘ইংল্যান্ড-প্রত্যাবর্তন’

সাবেক লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স লেস্টার সিটির কোচ হয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন। ব্রাইটনের বিরুদ্ধে খেলাটির এক ঘণ্টা আগে লেস্টার এ ঘোষণা দেয়। রজার্সও খেলাটি উপভোগ করেন যাতে জ্যামি ভার্ডি ও দেমারাই গ্রের গোলে ব্রাইটনকে হারিয়ে জয়ে ফেরে লেস্টার।

রজার্স স্কটিশ লিগের দল সেল্টিক ছেড়ে ২০১৫-১৬ মৌসুমের শিরোপা জয়ী লেস্টারের কোচ হিসেবে যোগ দিলেন। গেল রবিবার চাকরি হারানো সাবেক কোচ ক্লদ পুয়েলের স্থলাভিষিক্ত রজার্স লেস্টারে থাকছেন ২০২২ সালের জুন পর্যন্ত। এর আগে লিভারপুল ও সোয়ানসির কোচের দায়িত্ব পালন করা রজার্স এর মধ্য দিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের যোগ দিলেন। লেস্টারের দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘ক্লাবের ভক্তদেরকে তাদের ক্লাব নিয়ে গর্বিত করার জন্য আমি আমার জীবন দিয়ে দেবো।’

ব্রাইটনের বিপক্ষে দলের জয় গ্যালারি থেকে দেখার পর আইরিশ এই কোচ ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেছেন বলেও জানিয়েছে বিবিসি।

নবাগত এই কোচ আরও বলেন, ‘একসাথে আরও শক্তিশালী হয়ে উঠবো আমরা। খেলোয়াড়, দলের সদস্য ও ক্লাবের সমর্থকদের সঙ্গে কাজ করার জন্য ও সঠিক সিদ্ধান্ত নিয়ে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি আমি।’ তবে ২০১৬ সালের মে মাসে সেল্টিকের দায়িত্ব নিয়ে স্কটিশ দলটিকে জিতিয়েছেন সাতটি ঘরোয়া শিরোপা।