সিএনজি খাতে প্রতিদিন গড় ক্ষতি ১০ কোটি টাকা

দেশের অস্থির রাজনীতির অবসান ও পরিবেশ বান্ধব সিএনজি খাত রক্ষার দাবি জানিয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন,  দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর বিক্রি ৮০ শতাংশ কমেছে। এতে ব্যবসায়ীদের প্রতিদিন গড়ে ১০ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। মানবেতর জীবন যাপন করছে সিএনজি ব্যবসায়ীরা। সংগঠনের নেতারা  রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক অস্থিরতার সমাধানের জন্য উদ্যোগ নেয়ার আহ্বান জানান। 
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটি ‘অস্থির রাজনৈতিক অবস্থার অবসান চাই’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।   
সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক মাসুদ খান। তিনি বলেন, দেশে ৫৯০টি সিএনজি স্টেশন আছে, এগুলোতে বিনিয়োগ প্রায় তিন হাজার কোটি টাকা। এর দুই হাজার কোটি টাকাই ব্যাংক ঋণ। কিন্তু অবরোধের মধ্যে প্রতিদিন সিএনজি স্টেশনগুলোর প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। তিনি আরও বলেন, সিএনজির ওপর দুই লাখেরও বেশী পরিবার নির্ভরশীল। তারা সবাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ব্যবসা না থাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ অসম্ভব হয়ে পড়েছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি দেশ ও অর্থনীতি চরম ক্ষতির শিকার হচ্ছে।
সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবিও তুলে ধরা হয়। এগুলো হচ্ছে, ব্যাংক ঋণ মওকুফ করে পুনঃতফসিল করা, ঋণখেলাপি স্টেশনগুলোকে বিনা সুদে কিস্তিতে ঋণ পরিশোধের ব্যবস্থা করা, সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, আক্তার হোসেন ফরমান, সদস্য সচিব নজরুল ইসলাম, আলমগীর খান ও শফিউদ্দিন আহমেদ প্রমুখ।