নারী ফুটবল একাডেমি করছে বিডিডিএফ

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) চট্টগ্রামে ও পরবর্তীতে অন্য বিভাগগুলোয় নারী ফুটবল একাডেমি করবে। গতকাল সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গতকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে অনূর্ধ্ব-২০ ফুটবলারদের চট্টগ্রাম বিভাগের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনের সময় বিডিডিএফএ মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন এ ঘোষণা দেন। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আটটি বিভাগে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গতকাল থেকে ৪৫ দিনের এ ক্যাম্প শুরু হয়েছে।

এছাড়াও নীলফামারীতে রংপুর বিভাগের, হবিগঞ্জে সিলেট বিভাগের, নাটোরে রাজশাহী বিভাগের, বরগুনায় বরিশাল বিভাগের, নড়াইলে খুলনা বিভাগের, নেত্রকেনায় ময়মনসিংহ বিভাগের ও ফরিদপুরে ঢাকা বিভাগের ক্যাম্প শুরু হয়েছে । 

বিডিডিএফএ মহাসচিব চট্টগ্রামের ক্যাম্পটির আনুষ্ঠানিক শুরুর অনুষ্ঠানে জানান তারা নারী ফুটবল নিয়েও কাজ করতে চান। কারণ এর রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। তাই চট্টগ্রামে নারী ফুটবল অ্যাকাডেমি চালুর ঘোষণার পাশাপাশি পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগেও বিডিডিএফএ নারী ফুটবল অ্যাকাডেমি চালু করা হবে বলে জানান তিনি। এ জন্য দেশের ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবেন তারা।

এ অনুষ্ঠানে বিডিডিএফএ সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দীন মোঃ আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলি আব্বাসসহ চট্টগ্রাম ডিএফএ, ডিএসএ কর্মকর্তা ও চট্টগ্রামের সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।