বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন ওয়ানডে সিরিজের দারুণ জয়ের পরেও টেস্টের আগে বাংলাদেশকে সমীহের চোখেই দেখছে তার দল।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ ভোরে সফরকারী বাংলাদেশের মুখোমুখি হবার কথা নিউজিল্যান্ডের। তার আগে সংবাদ সম্মেলনে ব্ল্যাকক্যাপস অধিনায়ক জানান অঘটনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তিনি। উইলিয়ামসনের ভাষায়, ‘অনেক শক্তিশালী দলের বিপক্ষেও অনেক অঘটন ঘটেছে। আমরা জানি, দলগুলো একতাবদ্ধ হয়ে দারুণ ক্রিকেট খেলতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই সমীহজাগানিয়া। প্রতিটি দলই বেশ প্রতিভাবান।’

সামপ্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীলঙ্কার জয়কে উদাহরণ হিসেবে টেনে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকায় এটা করতে দেখেছি, যা সত্যিই দারুণ প্রয়াস ছিল। দক্ষিণ আফ্রিকাকে শুধু তাদের মাঠে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই হারানো কঠিন। সেখানে যা হলো তা থেকে বুঝা যায়, যে কেউ যে কাউকে হারাতে পারে।’ 

উইলিয়ামসন আরও বলেন, ‘এটা নির্ভর করে সেরা ক্রিকেটটা খেলার ওপর এবং দলীয় লক্ষ্যের ওপর।’ সংবাদ সম্মেলনটিতে লেগ স্পিনার টড অ্যাস্টলের দলে ফেরার ব্যাপারটি নিশ্চিত করেন উইলিয়ামসন।