নিখোঁজের ৫ দিন পর নিজ বাসা থেকে লাশ উদ্ধার


নিউইয়র্কের বাঙালী কমিউনিটির অতি পরিচিত মুখ, তরুণ সংগঠক এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য জসিম উদ্দিন খান (৩৬) মিঠু মারা গেছেন। প্রায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর স্থানীয় সময় রবিবার দুপুরে কুইন্সের জ্যামাইকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পুলিশ মিঠুর লাশ নিয়ে গেছে। ফেরত দেওয়ার পর মিঠুর লাশ বাংলাদেশে গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাঠানো হতে পারে। জসিম উদ্দিন খান মিঠুর অকাল মৃত্যুকে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রয়াত মিঠুর ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক সহকর্মী যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন স্থানীয় বার্তা সস্থা এনাকে জানান, গত ১ ফেব্রয়ারি সন্ধ্যায় সর্বশেষ মিঠুর সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়েছে। তখন মিঠু তাকে জানান যে তার ব্লাড প্রেসার বেড়েছে এবং ওষুধ নিয়ে বাসায় যাচ্ছেন। এরপর দুই দিন তাকে তার সেল ফোনে কল করে না পেয়ে পরেরদিন জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে খোঁজ করেন। সেখানেও তার খোঁজ মেলেনি। রবিবার আরেক ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা আমিনুল কলিন্স মিঠুর জ্যামাইকার ১৭৭-৪০, ১০৫ এভিনিউর বাসায় যান। বাসায় গিয়ে দেখেন দরজা বন্ধ এবং কোনো সাড়া-শব্দ নেই। তিনি বেশ কয়েকবার দরজায় কড়া নাড়েন এবং চিৎকার করে ডাকতে থাকেন। এতেও কোনো সাড়া না পেয়ে কলিন্স স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করেন। পুলিশ এসে দেখতে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান মিঠুর নিথর দেহ বিছানায় পড়ে রয়েছে।
কাজী আজিজুল হক খোকন জানান, লাশ দেখে মনে হয়েছে ২-৩ দিন আগেই মিঠুর মৃত্যু হয়েছে। বাসায় একা থাকার কারণে কেউই তার মৃত্যুর খবর জানতে পারেননি।  তিনি আরো জানান, মিঠুর মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়েছে। মিঠুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সর্বস্তরের নেতাকর্মীরা তার বাসায় ছুটে যান।
উল্লেখ্য, জসিম উদ্দিন খান মিঠু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। ২০০০ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছাড়াও তিনি প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নিউইয়র্কের বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন তিনি।