গোপালগঞ্জে ইটভাটা ও চরের জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় আব্দুল্লাহ খান (৩০) নামে এক যুবকের বাম পা হাঁটুর নিচ থেকে কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। আহত ৯ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল্লা খান ও বিপ্লব শেখকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার পুখুরিয়া গ্রামের নিরু মোল্যা ও শাহিদুল শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, গতকাল সকালে শাহিদুল শেখের এক জনকে নিরু মোল্যার লোকজন মারধর করেছে— এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। বিকালে শাহিদুল শেখের লোকজন ও নিরু মোল্যার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।