নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে সড়ক ভ্যানের চাপায় তিন বছরের শিশু হাবিবের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাবিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নে জামগ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা মিজানুর রহমান ও মা রত্না ভ্যানে করে আত্রাই উপজেলা সদরে আসছিলেন শিশু হাবিবকে সাথে নিয়ে। এ সময় মা রত্নার কোলে বসেছিল হাবিব। উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন পাশে আমতলীর মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানের সঙ্গে তাদের ভ্যানের ধাক্কা লাগলে হাবিব রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় হাবিরের শরীরের ওপর দিয়ে ভ্যান চলে যাওয়ায় গুরুতর আহত হয়। পরে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।