আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম ঘোষিত সময়ের মধ্যে সরাতে হবে। এক্ষেত্রে কোনো অনৈতিক দাবির কাছে মাথানত করা যাবে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। দেশবাসী এখন শুধু সুশাসন নয়, কঠোর শাসন চায়।
গতকাল বুধবার দুপুরে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, এ রকম ঘনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যালের গোডাউন দুনিয়ার কোথাও নেই, আবাসিক এলাকায় গোডাউন পৃথিবীর কোথাও থাকে না। এটা ব্যবসায়ীদের বুঝতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, কেমিক্যাল গোডাউন রেখে নিজেকে এবং নিজের সন্তানকে হত্যার ব্যবস্থা করছেন। এটা না সরালে আবার নিমতলী-চকবাজারের পুনরাবৃত্তি ঘটবে।
মোহাম্মদ নাসিম বলেন, ষড়যন্ত্র আর বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি কখনোই এদেশের জনগণের মন জয় করতে পারবে না। রাজনৈতিক ক্ষমতা ও জনগণের সমর্থন নেই বলেই একাদশ জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পলু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ, কৃষক লীগের সাবেক নেতা এমএ করিম, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম। মো. সরোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি মো. আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।