২০২১ সালের মধ্যে পোশাক খাত থেকে ৫০ বিলিয়ন ডলার রফতানি আয় করতে হলে এ শিল্পকে সবুজ শিল্পে পরিণত করতে হবে। এ জন্য নীতিতে, নীতি প্রণয়নকারীদের সবুজায়ন দরকার। পাশাপাশি, নীতি বাস্তবায়নকারীদেরও সবুজ হতে হবে। নীতি বাস্তবায়নে এবং সবুজ অর্থায়নের জন্য বাজেটে আলাদা নজর থাকা উচিত। শনিবার এক সেমিনারে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এ সব কথা বলেন। রফতানিমুখী খাতে সবুজ অর্থায়নের জন্য ৫০ কোটি ডলারের (প্রায় চার হাজার কোটি টাকা) নতুন একটি রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠনেরও ঘোষণা দেন তিনি।
‘একসেস টু ফাইন্যান্স-এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি ইন টেক্সটাইল সেক্টর’ শীর্ষক সেমিরনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই)। প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের সহ-আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। এতে প্রধান অতিথি ছিলেন গভর্নর ড. আতিউর রহমান। পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ওয়াটার প্যাক্টের প্রোগ্রাম ম্যানেজার মৃণাল সরকার, বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. আখতারুজ্জামান, সিপিডির নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশিদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার, বিজিএমইএর সাবেক সহসভাপতি ফারুক হাসান, ডিবিএল গ্রুপের এমডি মোহাম্মদ আবদুল জব্বার প্রমুখ বক্তব্য দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আহসান এইচ মনসুর ও এটি ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার ইফতি ইসলাম।
সেমিনারে বলা হয়—পোশাকশিল্পের কারখানাগুলোকে সবুজায়ন করার ক্ষেত্রে অর্থের সংস্থান একটা বড় চ্যালেঞ্জ। এ ছাড়া, এ শিল্পের সঙ্গে জড়িতদের সার্বিকভাবে সচেতন করে তোলারও কোনো বিকল্প নেই। কেবল বিনিয়োগ নিরাপদ নয়, দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য শিল্পকারখানাগুলোকে সঠিকভবে সবুজায়ন করা দরকার। আর তা করতে কৌশলগত অবস্থান ঠিক করলেই আসল উদ্দেশ্য সফল হবে।