বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করতে এসে শিক্ষক ও গ্রামবাসীর ভয়ে বিয়েবাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বর। রবিবার রাতে উপজেলার ঝগড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ঐ ছাত্রীর সাথে ঝগড়ারচর গ্রামের আক্কাস আলীর ছেলে দর্জি হেলাল মিয়ার বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন ধার্য করা হয় রবিবার। বিয়ের বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে জানালে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন স্থানীয় সাহেব সরদার ও শিক্ষকদের সাথে নিয়ে বিয়েবাড়িতে যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বরসহ তার লোকজন পালিয়ে যায়।