গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস লীমু (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, কলেজ গেট এলাকায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস লীমুর মৃত্যু হয়। লীমু পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। সে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ছোট কয়ের গ্রামের রুহুল আমিনের মেয়ে।

হাজার বোতল ফেনসিডিলসহ দুই

মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড় বাইপাস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩২) ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার ছোট নারায়ণপুর গ্রামের মোঃ তোতা শেখের ছেলে মোঃ রুবেল শেখ (২০)। বুধবার বিকালে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র্যাব জানায়,  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনাজপুর হতে নারায়ণগঞ্জগামী আলুভর্তি একটি ট্রাক তল্লাশি করে ওই ফেনসিডিল পাওয়া যায়। র্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, দীর্ঘদিন যাবত্ পণ্য পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে তারা ফেনসিডিল পাচার করে আসছিল। এ ব্যাপারে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।