বকেয়া বিলের জন্য আড়াইহাজার জোনাল অফিস ও গোপালদী জোনাল অফিসের আওতাধীন ৭৬৪ জন গ্রাহকের বিরুদ্ধে মামলা দিয়েছে পল্লী বিদ্যুত্ সমিতি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫৮০টি মামলা । বর্তমানে বকেয়া রয়েছে ৪ কোটি টাকা। মামলা থেকে বাঁচতে বিল খেলাপি গ্রাহকরা এখন ছুটছেন সমিতির অফিসে।
আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, তার আওতাধীন আড়াইহাজার অফিসে মোট ৩শ ০২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রাহকদের নিকট বিল বকেয়া রয়েছে ১ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯৫৯ টাকা। মামলা নিষ্পত্তি হয়েছে ১৮২টি। মোট গ্রাহক হচ্ছে ৫৪ হাজার । এর মধ্যে বর্তমানে ১ হাজার ৯৩৭টি লাইন বকেয়া বিলের জন্য বিচ্ছিন্ন রয়েছে।
গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদাত হোসেন জানান, তার আওতায় গোপালদী পল্লী বিদ্যুত্ জোনাল অফিসে ৪৬২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রাহকদের নিকট বকেয়া রয়েছে ৩ কোটি ৯০ লাখ ১১ হাজার ৪২৩ টাকা। মামলাগুলোর মধ্যে ৩৯৮টি মামলা বিল আদায়ের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। বকেয়া বিলের জন্য বর্তমানে ৩ হাজার ৩৭৬টি লাইন বিচ্ছিন্ন রয়েছে। গ্রাহকদের মধ্যে বৃহত্ শিল্প, ক্ষুদ্র শিল্প, বাণিজ্যিক ও সেচ লাইন রয়েছে।
আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, গ্রাহকরা আগের তুলনায় এখন সচেতন হচ্ছে। আগের চেয়ে বিদ্যুত্ বকেয়া অনেক কমেছে। আশা করি কয়েক মাসের মধ্যে শতভাগ বকেয়া আদায় করতে পারব।