আজ কাপাসিয়ায় রায়েদ ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আজ  উপ-নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট ৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা জানান, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে যাচাই বাছাই শেষে ৪ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শফিকুল হাকিম মোল্লা হিরণ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হবি ও মোঃ মতিউর রহমান। এ ইউনিয়নের নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ভোটার ২০ হাজার ৬১৫ জন। তারমধ্যে পুরুষ ১০ হাজার ১৬৬ জন এবং নারী ভোটার ১০ হাজার ৪৪৯ জন। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা রয়েছে। ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ ভোট গ্রহণকারী কর্মকর্তারাও ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত  বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

উল্লেখ্য রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গত ২  সেপ্টেম্বর ইন্তেকাল করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।