পুঁজিবাজারে সূচক বৃদ্ধি, লেনদেন কম

 
 
 
 
টানা দুই দিন দরসংশোধনের পর মঙ্গলবার ফের বাড়তে শুরু করেছে পুঁজিবাজারের সূচক। তবে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় কমে গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে—ব্যাংকিং খাতের শেয়ারগুলোর দরবৃদ্ধির প্রবণতা ছিল লক্ষণীয়। এ খাতে লেনদেনকৃত ৩০টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানিরই দর বেড়েছে। এ ছাড়া, ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানিরই শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে। লেনদেনের দিক থেকে এগিয়ে ছিল বেক্সিমকো লিমিটেড ও আমরা টেকনোলজি।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮ কোটি ৬৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৬০ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৬ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দর।
ডিএসই জানিয়েছে—আগামী চার মার্চের কিস্তির মাধ্যমে অবসায়ন হতে যাচ্ছে এসিআই বন্ড। পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ বছর মেয়াদি এসিআই ২০% কনভার্টেবল জিরো কুপন বন্ডের পঞ্চম কিস্তি আগামী চার মার্চ ম্যাচিউরড হবে। এ কিস্তি পরিশোধের মধ্য দিয়ে এই বন্ডের অবসান ঘটবে। ‘এ’ ক্যাটাগরির এই বন্ড ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বন্ডটির পরিশোধিত মূলধন রয়েছে ২৬ কোটি ৭০ লাখ টাকা। এ দিকে, বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটনের শেয়ারদর বাড়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে ডিএসইর নোটিসের পরিপ্রেক্ষিতে কোম্পানি এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়—৩ কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে শেয়ারটির দর বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর ১৭ শতাংশ বেড়েছে।