ঘুষ নয়, পত্রিকার বিজ্ঞাপনের টাকা নেওয়া হয়েছে -----------------------নাজমুল হুদা

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ কোম্পানি মর্গানেট ওয়ান লিমিটেডের কাছ থেকে ব্যারিস্টার নাজমুল হুদা কোনো ঘুষ নেননি বলে দাবি করেছেন দুদকের কাছে। তার মালিকানাধীন সাপ্তাহিক পত্রিকা খবরের অন্তরালে’তে বিজ্ঞাপন বাবদ ছয় লাখ টাকা নেয়া হয়েছিল বলে তিনি দুদকে জানিয়েছেন। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা বিভাগীয় কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাকে সকাল সোয়া ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।

নাজমুল হুদা বলেন, ‘খবরের অন্তরালে’ নামক পত্রিকাটি তার মালিকানাধীন। ওই পত্রিকাতে যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ বিষয়ে কিছু বিজ্ঞাপন ছাপা হয়েছিল। মর্গানেট ওয়ান লিমিটেড ওই বিজ্ঞাপনের বিল হিসেবে প্রতি মাসে ২৫ হাজার টাকা পরিশোধ করেছে। এ বিলের মোট ৬ লাখ টাকা খবরের অন্তরালে পত্রিকার একাউন্টে জমা হয়। তিনি বলেন, আমাকে নাজেহাল করার উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টার হস্তক্ষেপে দুদকে মামলাটি হয়েছিল। মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হলে আদালত মামলাটি বাতিল করেন। বাতিল হওয়া মামলা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পুনরুজ্জীবিত করেন। এরপর উচ্চ আদালত মামলাটি বাতিলের আদেশ খারিজ করে দেয়।

দুদক সূত্র জানায়, ২০০৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ছয় লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় দুদক একটি মামলা করে।