ব্যাংকিং খাত ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ

 
 
 
ব্যাংকিং খাত ঘিরে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর। এ খাতের লেনদেনকৃত ৩০টি কোম্পানির মধ্যে ২৪টিরই শেয়ারদর বেড়েছে। ব্যাংকের শেয়ারগুলোর দর গড়ে ১ দশমিক ২০ শতাংশ বেড়েছে। লেনদেনের ক্ষেত্রেও দেখা গেছে ব্যাংকিং খাতের শেয়ারগুলোর প্রাধান্য। এ খাতে লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৯ শতাংশ। এ ছাড়া, জ্বালানি খাতে লেনদেন হয়েছে ৪৬ কোটি টাকার,  যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। বাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে—ব্যাংকগুলো সামনে লভ্যাংশ ঘোষণা করবে। ব্যাংকগুলোর সম্ভাব্য লভ্যাংশের তুলনায় শেয়ারের দাম খুব কম। তাই ব্যাংকের শেয়ারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
তথ্যে দেখা গেছে—বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৩৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৬৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের দিনের তুলনায় ৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দর।

এ দিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই। কয়েক দিন ধরে অস্বাাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে ডিএসইর পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ৫ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৮ শতাংশ।