নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে লিটনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যাকাণ্ডের নয় বছর পর এ মামলায় তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত এর বিচারক রাজিয়া সুলতানা দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রফিক, হাবিব ও শরীফ। এর মধ্যে শরীফ মিয়া পলাতক রয়েছেন। মামলায় এগারো জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফজলুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১ ডিসেম্বর তিন আসামি লিটনকে পূর্বশত্রুতার জের ধরে নিতাইগঞ্জ থেকে ডেকে খালঘাটের এক বাড়ির ছাদে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় আসামি রফিক ও হাবিব আদালতে ঘটনা বর্ণনা করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।