রাজধানীতে নতুন মাদক ‘আইস’

পশ্চিমা বিশ্বে বহুল পরিচিত আইস বা মেথ নামের ভয়ানক মাদকের সন্ধান মিলেছে রাজধানীতে। একই সাথে ব্যয়বহুল ক্রিস্ট্রাল মিথাইল এ্যামফিটামিন আইস’র কারখানাও গড়ে উঠেছে খোদ রাজধানীতে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো টিম গতকাল বুধবার অভিযান চালিয়ে রাজধানীর জিগাতলায় এমনই একটি কারখানার সন্ধান পেয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে চার জনকে। তবে কারখানার মালিক হাসিব মোহাম্মদ রাশেদকে আটক করতে পারেনি পুলিশ। হাসিব মালয়েশিয়ায় লেখাপড়া করে। 

কারখানাটির অবস্থান জিগাতলার ৬২ নম্বর বাড়িটির আন্ডার  গ্রাউন্ডে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কাঁচামালসহ মাদক তৈরির সরঞ্জাম। ওই কারখানার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলমসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অপর তিনজন হচ্ছে, ইয়াবাসেবী হেলাল, জাকারিয়া ও রাকিব।

অভিযানের নেতৃত্ব দেওয়া মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশীদ আলম জানান, মঙ্গলবার ইস্কাটন এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় জাকায়িরা ও হেলালকে। তাদের দেওয়া তথ্য মতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় রাকিবকে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৬০ পিস ইয়াবা ও ৫ গ্রাম আইস। পরে রাকিবের দেওয়া তথ্য মতে গতকাল বিকালে জিগাতলার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের এ কর্মকর্তা জানান, ইয়াবার চেয়ে শক্তিশালী মাদক আইস। দেশে প্রথমবারের মতো এই ধরনের মাদকের সন্ধান পাওয়া গেছে। কারখানা গড়ে তোলা হাসিবকে আটক করার জন্য এবং যাতে দেশ ত্যাগ করতে না পারে সে জন্য বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।