রাসায়নিক গুদাম সরাতে পুরান ঢাকায় আজ থেকে বিশেষ অভিযান

আজ থেকে পুরান ঢাকার আবাসিক ভবন থেকে রাসায়নিক গোডাউন সরিয়ে ফেলার কাজ শুরু হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে পুলিশ ও র্যাব এই অভিযানে অংশ নেবে বলে সংশি­ষ্ট সূত্র জানিয়েছে। এরই মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তরফ থেকে পুরান ঢাকার রাসায়নিক গোডাউন রাজধানীর কদমতলী ও টঙ্গীতে নেয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আগেই পুরান ঢাকা থেকে রাসায়নিক গোডাউন সরিয়ে নেওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে পুরান ঢাকার সকল এলাকার রাসায়নিক গোডাউন সরিয়ে ফেলার অভিযান শুরু হবে।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সাত দিনের মাথায় গতকাল বুধবার পর্যন্তও চকবাজারের চুড়িহাট্টার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচটি ভবনসহ আশপাশের কয়েকটি বাড়িতে এখনও বিদ্যুত্ ও গ্যাস সংযোগ দেয়া সম্ভব হয়নি। পুরো এলাকার রাস্তাঘাট পুরোপুরি খুলে দেয়া হয়নি। এখনও শত শত মানুষ ভিড় করছেন চুড়িহাট্টায়।