দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ১১ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা): চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়ার কাজী রফিকুল ইসলাম (৬০), মহরম আলী (৭৫) ও আব্দুল মতিন (৬৫)। চালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের আলী আকবরের ছেলে দুদু মিয়া।
গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর ইক্ষু ক্রয় কেন্দ্র এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় অটো রিক্সাভ্যান যাত্রী খাজা মিয়া (৬৫) নিহত ও শিশুসহ চারজন আহত হয়েছেন। খাজা মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর গ্রামের মৃত. সবুজ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় স্কুল ছাত্র ও এক যুবক নিহত হয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ও নন্দনপুর এলাকার মাঝামাঝি যাত্রীবাহী বাস চাপায় ওবায়দুল (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। ওবায়দুল উপজেলার উত্তর সুহিলপুর এলাকার ইয়াছিন মিয়ার ছেলে। অন্যদিকে, আখাউড়ায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ইমরান (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম: চট্টগ্রামে বাসের ধাক্কায় মো. হানিফ শেখ নামে এক পথচারী নিহত হয়েছেন। গত মঙ্গলবার নগরীর কাপ্তাই সড়কের ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: ফতুল্লায় যাত্রীবাহী আনন্দ পরিবহনের সঙ্গে ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। চালকসহ বাসটি আটক করে পুলিশ। গতকাল নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা সড়কের পাগলা নৌ-বাহিনীর ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আওয়াল (৫০) ও আলী হোসেন (৪৮)।
মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় শেখ নুর হোসেন নামে ৮ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মিরসরাইয়ের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় এই ঘটনা ঘটে। নুর হোসেন উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন সৈদালী গ্রামের শেখ সাধী মেস্ত্রী বাড়ির দেলোয়ার হোসেনের একমাত্র পুত্র।
সাতক্ষীরা: কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেখ নুর ইসলাম (৭০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কালিগঞ্জ উপজেলার ছনকা গ্রামের। গতকাল কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকসহ চালক রিপন হোসেনকে আটক করেছে। রিপন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের একরাম কবিরের ছেলে।
আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। গতকাল পয়সারহাট এলাকায় মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের আসছিল ওই গ্রামের ইদ্রিস খানের ছেলে আছিফ খান ও জব্বার তালুকদারের মেয়ে জেরিন তালুকদার। এ সময় কুষ্টিয়াগামী একটি বেপরোয়া গতির ট্রাক মোটরসাইকেলটি চাপা দিয়ে পালিয়ে যায়।