পৌরসভা ও ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

 
 
 
 
স্থানীয় সরকারের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর ও সদস্য পদের প্রতীকে আমূল পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি প্রতীকের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে জাতীয় সংসদ ও সিটি করপোরেশনের জন্য পৃথকভাবে প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৫টি এবং সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করা হয়। শিগগিরই উপজেলা পরিষদের নির্বাচনেও প্রতীক সংরক্ষণ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সম্প্রতি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান স্বাক্ষরিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক সংরক্ষণ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে ইসি সচিবালয়। এতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র পদের জন্য সংরক্ষিত ১০টি প্রতীকের পরিবের্তে ১২টি, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সদস্য পদে আটটির পরিবর্তে ১০টি প্রতীক সংরক্ষণ করা হয়। জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদা-আলাদা প্রতীক সংরক্ষণের ধারবাহিকতায় এ সব প্রতীক সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ইসির আইন শাখা।
প্রজ্ঞাপনে পৌরসভা নির্বাচনে মেয়র পদে এখন থেকে যে ১২টি প্রতীক ব্যবহার করা হবে, সেগুলো হচ্ছে—ইস্ত্রি, কম্পিউটার, ক্যারমবোর্ড, চামচ, জগ, টাই, নারকেলগাছ, বড়শি, মোবাইল ফোন, রেল ইঞ্জিন, হ্যাঙ্গার ও হেলমেট।
সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে যে ১০ প্রতীক ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে—আঙ্গুর, কাঁচি, গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়াম।
সাধারণ আসনের কাউন্সিলর পদে যে ১২ প্রতীক ব্যবহার করা হবে, সেগুলো হচ্ছে—উটপাখি, গাজর, টিউব লাইট, টেবিল ল্যাম্প, ডালিম, ঢেঁড়শ, পাঞ্জাবি, পানির বোতল, ফাইল কেবিনেট, ব্রিজ, ব্ল্যাক বোর্ড ও স্ক্রু ডাইভার।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে এখন থেকে যে ১২টি প্রতীক ব্যবহার হবে, সেগুলো হচ্ছে—অটোরিকশা, কোট, খড়ের গাদা, টেবিল ফ্যান, ঢোল, তাঁবু, তালগাছ, দুটি পাতা, পাগড়ি, ফ্রিজ, রজনীগন্ধা ও সাহেবি টুপি (হ্যাট)।
সংরক্ষিত আসনের সদস্য পদে যে ১০ প্রতীক ব্যবহার করা হবে, সেগুলো হচ্ছে—কড়াই, গলার হার, চিরুনি, জবাফুল, নূপুর, পাউরুটি, পেন্সিল কাটার, বিড়াল, বেগুন ও স্কুল ব্যাগ।
এ ছাড়া, সাধারণ আসনের সদস্য পদে যে ১২ প্রতীক ব্যবহার করা হবে, সেগুলো হচ্ছে—খাম, সাঁকো, টর্চ লাইট, তাল, পানির পাম্প, পাহাড়, বসার টুল, ভ্যান গাড়ি, মরিচ, জাঁতা, রেললাইন ও লিচু।