সৌদি আরবে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

 
সৌদি আরবের দাম্মাম শহরে আগুনে পুড়ে চার বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় পাকিস্তান ও ভারতের দুই নাগরিকও মারা গেছেন। গতকাল সোমবার রাত দেড়টার দিকে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় ওই দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এ কর্মকর্তা জানান, গিয়াসউদ্দিন নামের এক বাংলাদেশি ওই সোফা কারখানাটি চালাতেন। রাতে আগুন লাগলে ঘটনাস্থলেই ছয় জন মারা যান। শরীর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মরদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে রাখা আছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
নিহত চারজনের মধ্যে আবু মুসার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সে গিয়াসউদ্দিনের শ্বশুর বলে জানা গেছে। বাকি তিনজন হলেন, কুমিল্লার নাঙ্গলকোটের আবুল কালামের ছেলে জিয়াউর রহমান, ফেনীর দাগনভূঞার বদিউর রহমানের ছেলে মীর রহমান এবং চাঁদপুর সদরের লোকমান মোল্লার ছেলে আবু মোল্লা। প্রসঙ্গত, গত শুক্রবার আরব আমিরাতে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি মারা যান।