এলজিইডি’র প্রকল্প পরিচালকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আতাউর রহমান খানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে গত সোমবার দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, এলজিইডির প্রকল্প পরিচালক আতাউর রহমান খানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগ রয়েছে। প্রাথমিক সোর্সের মাধ্যমে দুদক এ অভিযোগের সত্যতা যাচাই করেছে। আতাউর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হলেও বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা সনদের কারণে অতিরিক্ত সময় চাকরি করছেন।
সূত্র আরও জানায়, কমিশন থেকে অনুসন্ধানকারী কর্মকর্তাকে দ্রুত অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগের সঠিক অনুসন্ধানের স্বার্থে দুদকের পরিচালক নূর আহম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।