নাগরিক ঐক্যের ‘নিখোঁজ’ আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ‘বহুরূপী’ বলে মন্তব্য করেছেন বগুড়া থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নান। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, জাসদ, বাসদসহ বহুদল ঘুরে আওয়ামী লীগে এসেছেন মান্না। তিনি আওয়ামী লীগ ত্যাগ করেছেন, কিংবা আওয়ামী লীগ তাকে ত্যাগ করেছে-এমনটি আমি দেখিনি। তবে অনবরত তিনি সরকারের বিরুদ্ধে বলে আসছেন। এখন তার পরিবার দাবি করছে তিনি নাকি নিখোঁজ। এটা আরেকটা নাটল কিনা জানি না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তাকে খুঁজে বের করে তার অবস্থান সম্পর্কে জনগণের সামনে পরিস্কার করা।
আবদুল মান্নান বলেন, পরিবার দাবি করছে তাকে (মান্নাকে) গভীর রাতে পুলিশ তুলে নিয়ে গেছে। পুলিশ ও র্যাব বলছে তারা তাকে নেয়নি। তার কথোপকথনে গ্রেফতার করার অনেক উপাদান আছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে মামলা করা যেতে পারে। তাকে গ্রেফতার বা আটক করা হলে সেটি যেমন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্কার করা উচিত, তা না হলে তাকে খুঁজে বের করে বিষয়টি স্পষ্ট করা উচিত।
তিনি আরও বলেন, সোমবার মান্না একটি মিছিল করার কথা ছিল, যেখানে ড. কামাল হোসেনেরও থাকার কথা ছিল। মান্নার এই অপকর্মের পর এখন ড. কামালের প্রতিক্রিয়া জনগণ জানতে চায়।
রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় জাতীয় পার্টির (জাপা) অধ্যাপিকা রওশন আরা মান্নান বলেন, বিরোধী দল হিসেবে জাপা সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে, তেমনি সরকারের মন্দ কাজের সমালোচনাও করবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মারছে। এর আগে ক্ষমতায় থেকে ‘হাওয়া ভবন’ বানিয়ে তারা দুর্নীতি করেছে।