মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টাইগার বাহিনীর প্রধান দাউদ হোসেন (৪০) নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে সদর উপজেলার খালিমপুর গ্রামে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত দাউদ সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার বরইচারা গ্রাম থেকে জেলা ডিবি পুলিশের ৪ নম্বর তালিকাভুক্ত চরমপন্থি সন্ত্রাসী টাইগার দাউদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে অস্ত্র উদ্ধারের জন্য পার্শ্ববর্তী খালিমপুর এলাকায় গেলে দাউদের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্যে পুলিশের উপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দাউদ হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে ভোররাত পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি নট থ্রি, কাটা রাইফেল, একটি ওয়ান শ্যুটার গান ও একটি এয়ার রাইফেল এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।   
তিনি আরো জানান, দাউদের লাশ মাগুরা সদর থানায় রাখা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টাইগার দাউদের নামে ছয়টি হত্যা ও দুইটি অস্ত্র মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।