গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাস ও একটি পাথরভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশ জানান, বুধবার ভোরে এপ্ক্সে ফুটওয়ার কারখানার শ্রমিকবাহী একটি বাস কারখানায় আসার পথে উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা একটি পাথরভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ কারখানার ৩৫ জন শ্রমিক আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার জিএম মো. রাজ্য রহিম জানান, আহত শ্রমিকদের চিকিৎসার ভার কারখানার পক্ষ থেকে বহন করা হচ্ছে।
কোনাবাড়ী হাইওয়ে ফাঁড়ির ওসি মো. দাউদ জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।