গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রামের চার সন্তানের বিরুদ্ধে তাদের পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শরিফুল ইসলাম (৫৭) পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম দু’বছর আগে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী ও চার সন্তানকে বাড়ি থেকে তাড়িত দেন। বিতাড়িত স্ত্রী-সন্তানেরা পাশের গ্রামের আত্মিয়ের বাড়িতে থাকতেন। কিন্তু সেখানে আশ্রয় হারিয়ে গত সোমবার প্রথম স্ত্রী-সন্তানেরা শরিফুলের বাড়ির পাশের জমিতে ঘর তুলছিল। এ সময় শরিফুল ইসলাম তাদের বাঁধা দিলে সন্তানেরা তাকে পিটিয়ে জখম করে। পরে সন্তানরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যায়। বুধবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে সন্তানরা তাঁকে আবারো রামেক হাসপাতালে আনলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুপুরে ময়না তদন্ত শেষে লাশ দ্বিতীয় স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। বিকেলে দ্বিতীয় স্ত্রী জোসনা প্রথম স্ত্রীর চার সন্তানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এর আগে সকালে নিহতের ছেলে আবু সাঈদকে (২৭) পুলিশ আটক করে। অপর তিনসন্তান শরিফা (৩০), শিরিনা (২৫), সজল (২২) ও প্রথম স্ত্রী খাদিজা পলাতক।