সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার সাজ্জাদুলকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত সচিব) আব্দুল মালেককে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
১৯৮৫ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাজ্জাদুল গত বছরের ৩ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার হিসাবে যোগ দেন। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (তৎকালীন সড়ক বিভাগ) যুগ্ম-সচিবের দায়িত্ব পালন করেন। সাজ্জাদুলের বাড়ি নেত্রকোনা জেলায়।