ভূমি ব্যবস্থাপনা তদারকিতে পৃথক সংস্থা গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ

 
উপজেলা পর্যায় পর্যন্ত ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা তদারকির লক্ষ্যে একটি পৃথক সংস্থা গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তায় জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে মানুষ অধিক উপকৃত হয়।
বুধবার তার কার্যালয়ে জাতীয় ভূমি ব্যবহার কমিটির প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে এ নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জমির সুষ্ঠু ব্যবহার এবং আবাদি জমিতে যেন শিল্প ও আবাসন গড়ে না উঠে তাও নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী ও কমিটির প্রধান শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামিম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আবাদি জমিতে কোন শিল্পাঞ্চল, শিল্পকারখানা ও আবাসন গড়ে তোলা যাবে না। এছাড়া ভূমির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পরিবেশ ও জলাশয়ও সংরক্ষণ করতে হবে।