চলতি বছরের জুন মাস পর্যন্ত ১৯ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে জ্বালানি তেল আমদানির ১০টি প্রস্তাবের প্রিমিয়াম নির্ধারণ করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় ৫০ হাজার মেট্রিক টন করে দুটি লটে ১ লাখ মেট্রিক টন গম আমদানির দুটি প্রস্তাব, রাষ্ট্রীয় চুক্তির আওতায় চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ৫ লাখ টন বাল্ক সার আমদানির লক্ষে ১৭১ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে রিসিভার্স ও পরিবহন এজেন্ট নিয়োগের আর্থিক প্রস্তাবসহ মোট ১৫টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া এডিবি এবং ওএফআইডি’র অর্থায়নে ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ম্যানেজমেন্ট-ডিজাইন-সুপারভিশন পরামর্শক নিয়োগ এবং একই প্রকল্পের আওতায় ‘গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’ পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে।