বাঘরায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় নিহত শাহিনের লাশ দাফন

 শ্রীনগর উপজেলার বাঘরার রুদ্রপাড়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত শাহিনের লাশ ময়নাতদন্ত শেষে বুধবার রাতে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। শাহিনের লাশ গ্রহণ করেন তার মামা  মো. উজ্জ্বল। এদিকে মঙ্গলবারের বন্দুকযুদ্ধের ঘটনায় শ্রীনগর থানায় ৩টি মামলা হয়েছে। দু’টি মামলারই প্রধান আসামি পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী শাহিন। এছাড়া বাঘরার তাজেল বাহিনীর প্রধান তাজেলকেও আসামি করা হয়েছে। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল আল আমিনের অবস্থা উন্নতির দিকে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে। 
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবর রহমান জানান, পুলিশ এসল্ট ও অস্ত্র মামলায় নিহত শাহিনকে প্রধান আসামি করে দ্বিতীয় প্রধান আসামি করা হয়েছে তাজেলকে। এই দু’টি মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া শাহিন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে আসামি অজ্ঞাত করে একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যা ও পুলিশ এসল্ট মামলার বাদী হয়েছেন এসআই মোস্তাফিজুর রহমান। অস্ত্র মামলার বাদী হয়েছেন ওসি নিজে। বাকি আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।