ওষুধের বাজার মূল্য জানাতে আদালতের নির্দেশ

জীবন রক্ষাকারী ওষুধের বাজার মূল্য ও অনুমিত মূল্য উল্লেখ করে মূল্য বৃদ্ধির হার ও বৃদ্ধির অনুমতি আছে কি-না, সে সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তরের মহাপরিচালককে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া সাত দিনের মধ্যে ন্যাশনাল ড্রাগ এডভাইজারি কাউন্সিলকে এসব ওষুধের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়া গেজেট আদালতে জমা দিতে বলা হয়েছে। গেজেট করা না হলে আইন অনুসারে তা না করার কারণ এভিডেভিট আকারে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফরিদ আহমেদের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া ওষুধের মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ভোক্তা অধিকার পরিদপ্তর ও ঔষধ প্রশাসন পরিদপ্তরের ৫ বছরের কার্যক্রমের প্রতিবেদনও চেয়েছে আদালত।

ভোক্তা অধিকার পরিদপ্তরের মহাপরিচালক ও ঔষধ প্রশাসন পরিদপ্তরের পরিচালককে এই প্রতিবেদন দাখিল করতে হবে।

হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদেনের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে। রুলে মূল্য বৃদ্ধিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের এ শুনানির এক পর্যায়ে হাইকোর্ট গতকাল এসব অন্তর্বর্তিকালীন আদেশ দেয়।