খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানায় জাতিসংঘের উদ্বেগ


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওই উদ্বেগের কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আমরা ইতিমধ্যে অবহিত। এই ঘটনায় মহাসচিব (বান কি মুন) গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের চলমান সহিংসতা বা রাজনৈতিক সহিংসতা ও খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’