সূর্যের আলো দিয়ে ছবি আঁকেন তরুণ শিল্পী মাইকেল

আমরা সাধারণত পেন, পেনসিল, চক, রঙ, প্যাস্টেল দিয়ে ছবি আঁকি! কিন্তু কাঠ, আতশকাঁচ ও সূর্যরশ্মি দিয়ে ছবি আঁকার কথা কী কখনো শুনেছেন?। এই তিনটি উপকরণ দিয়েই অত্যাশ্চর্য সব শিল্প তৈরি করেছেন এই গ্রীক-আমেরিকান শিল্পী মাইকেল পাপাদাকিস।

শিল্পী বলেন, ‘আমি একজন পর্যটক এবং শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু আমার ব্যাকপ্যাকে আমার সরঞ্জামের বিশাল ওজন বইতে চাইনি। সুতরাং, ঘোরা আর ছবি আঁকা একসঙ্গে চালাতে গিয়ে তিনি প্রকৃতিরই সাহায্য নিলেন। সূর্যালোকের সাহায্যে কাঠ পুড়িয়ে যেসব অসামান্য শিল্প তিনি তৈরি করেছেন তা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় এবং বাস্তব জীবনেও এর কদর আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। তার এই শিল্পের বিশেষ কৌশলটির পোশাকি নাম ‘হেলিওগ্রাফি’।

সূর্য দিয়ে ছবি আঁকা মাইকেল শুরু করেছিলেন ২০১২ সালে। ২০১৬ সালেই তিনি নিজের কোম্পানি সানস্ক্রাইবস প্রতিষ্ঠা করেন।

আরো পড়ুন: প্রাক্তন স্ত্রীকে নতুন করে ভালোবাসার কথা জানালেন হৃত্বিক

নিজের ওয়েবসাইটে মাইকেল বলেছেন, ‘২০১৩ সালে আমি কলোরাডোতে চলে যাই এবং সূর্যালোকের বিভিন্ন রূপ নিয়ে পরীক্ষা শুরু করি। আমি নিজেই অবাক হয়ে আবিষ্কার করেছি যে, সূর্যালোক (লেন্সের মধ্য দিয়ে চলে যাওয়া সূর্যালোক) এবং প্রতিফলিত সূর্যালোক (আয়নায় প্রতিফলিত সূর্যালোক) এই দুইটি একেবারে আলাদা। এই সব পরীক্ষার পরেই আমি বুঝতে শুরু করি যে, একই উৎস থেকে এলেও সূর্যালোকের একাধিক ধরণ হতে পারে।’

মাইকেল পাপাদাকিস তার এই অনবদ্য শিল্পের লাইভ শো করেন এবং শিখতে আগ্রহী যে কোনও মানুষকে তিনি হেলিওগ্রাফি শেখান।

মাইকেল বলছেন, ‘আমি সত্যি বলছি, আগের থেকে এখন এই শিল্পের ধরণটি আমার নিজের কাছেও বেশ স্পষ্ট হয়েছে। এটি একটি বিশেষ প্রক্রিয়া এবং খুবই শ্রমসাধ্য। প্রচুর ধৈর্য এবং আস্থা প্রয়োজন।’

ইত্তেফাক/বিএএফ