জয়পুরহাটে আলুভর্তি ট্রাকে হামলা ও আগুন, আহত-২

জয়পুরহাট জেলা শহর থেকে ২৩ কিলোমিটার দূরে জয়পুরহাট-শিরট্টি রাস্তার ভূতগাড়ী নামক স্থানে আলুভর্তি একটি ট্রাকে প্রথমে হামলা এবং পরে আগুন দিয়েছে দুর্বত্তরা। এ সময় তাদের মারপিটে আহত হয়েছে ট্রাকে থাকা ২ জন। আহতরা হচ্ছে আলু ব্যবসায়ী আবু কালাম ও ট্রাকের হেলপার আবু সাঈদ। দুজনের বাড়ী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে জানায়, আলু ব্যবসায়ী আবু কালাম আলু কিনে ট্রাক ভর্তি করে গতকাল বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ভূতগাড়ী নামক স্থানে ৮/১০ জনের একদল যুবক ট্রাকটিতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং পরে আগুন দেয়। আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে বলে জানান ট্রাকের হেলপার আবু সাঈদ। এসময় ট্রাকের হেলপার আবু সাঈদ ও আলু ব্যবসায়ী আবু কালামকে মারপিট করে দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়পুরহাট দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আলুর তেমন ক্ষতি না হলেও ট্রাকের ( ট্রাক নং-ঢাকা মেট্রো ট-১৪-৮১৮৫) সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ট্রাক চালক রোমান।