সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাগফুর রহমান লালুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল লালুর বাড়ী থেকে ২৪ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
শুক্রবার ভোর রাতে সদর উপজেলার লাবসা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা মুক্তিযোদ্ধা লালু জানান, ৭/৮ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে ঢুকে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ীর সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে। ওই বাড়ী থেকে এ সময় এসব কিছু লুট করে ডাকাতদল নিয়ে যায়।
তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।