শ্রমিকদের সংঘর্ষে সার খালাস বন্ধ

 
কার্গো শ্রমিক ও ট্রাক শ্রমিকদের সাথে সংঘর্ষের  জের ধরে জাহাজ থেকে  শুক্রবার দুপুর থেকে বিদেশ থেকে আমদানি করা সার আশুগঞ্জ সার কারখানায় সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার খালাস বন্ধ থাকায় সৌদি আরব, কাতার ও চীন থেকে আমদানি করা ২ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে আসা কার্গো জাহাজ  ঘাটে আটকা পড়েছে।
আশুগঞ্জ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ বাহার মাস্টার জানান, শুক্রবার দুপুরে ট্রাক শ্রমিক ও কার্গো জাহাজের শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর বিচারের দাবিতে নৌ-যান শ্রমিকরা কার্গো জাহাজ থেকে সার খালাস বন্ধ রেখেছে।
সার পরিবহনের ঠিকাদার বাল্ক ট্রেড ইন্টারন্যাশনালের আশুগঞ্জ প্রতিনিধি নাছির উদ্দিন জানান, সার খালাশ বন্ধ থাকায় আমার অন্তত ২৫টি ট্রাক ও ৪ শতাধিক শ্রমিককে বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। এতে করে আমার প্রতিদিন ৩ লক্ষ টাকার লোকসান হচ্ছে।