গাইবান্ধায় রাতে হঠাৎ ঝড়

 
গাইবান্ধায় ঝড় বৃষ্টিতে ঘড়বাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অপর দিকে এই কারণে বৃহস্পতিবার রাত ১২ থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত জেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়। 
সরেজমিন জানা যায়, রাত পৌনে ১২টার দিকে হঠাত্ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে আকাশ থেকে দুই থেকে তিন মিনিট ঝড়ের সঙ্গে পড়ে শিলা বৃষ্টি।  প্রায় ১৫/২০ মিনিট এই ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, মাঠের ইরি-বোর ক্ষেসহ রবি-শস্য  ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়।
সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, নলডাঙ্গা, বনগ্রাম, রসুলপুর, দামোদরপুর, গাইবান্ধা সদরের কুপতলা, রামচন্দ্রপুর, খোলাহাটি, কামারজানি ও লক্ষীপুর ইউনিয়নের বেশ কিছু এলকা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রায় শতাধিক ঘরবাড়ি ও পাঁচ শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে। তবে সবচেয়ে ক্ষতি হয়েছে বনগ্রাম ইউনিয়নের কলেজপাড়া, দামোদরপুরের ভাঙ্গামোড়, কামারগাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর, গাইবান্ধা পৌর সদরের রাধাকৃষ্ণপুর, কুপতলার পাচজুম্মা এলাকায়।
কামারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুকমল চৌধুরী গৌতম জানান, পুরাণ লক্ষীপুর গ্রামের প্রায় অর্ধ শতাধিক ঘর ও শতাধিক গাছ বাতাসে ভেঙ্গে গেছে। কয়েকটি পরিবারের সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
সাদুল্লাপুর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার জানান, সাদুল্লাপুরে প্রায় একশত কাঁচা ঘরবাড়ি এই ঝড়ে ক্ষতি হয়েছে। তবে জেলা ত্রান ও পূর্ণবাসন অফিসার হাবিবুর জানান, এখন পর্যন্ত উপজেলাগুলো থেকে সঠিক কোন তথ্য তিনি পাননি।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অমিনুল ইসলাম জানান, রাতের বেলায় বৃষ্টির কারণে ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত বলা সম্ভব নয়। তিনি বলেন, জরিপ করে সঠিক তথ্য দেয়া হবে।